হ্যাক হওয়া ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৮:২৯
হ্যাক হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে ব্যাংকের জনসংযোগ বিভাগ।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, ভোরে ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়। এরপর দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পর বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয়েছে। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।
আরও পড়ুন : ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড
এর আগে শুক্রবার ভোরে হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ দখল করে। তারা পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো ব্যবহার করে।
এক পোস্টে দাবি করে যে, ব্যাংকের ‘অনৈতিক কর্মকাণ্ডের’ প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছে। ওই পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালেরও দাবি জানানো হয়। যদিও কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হয়।
ডিআর/এমবি

