ফের ভরিতে সোনার দাম কমল ৬ হাজার ৫৯০ টাকা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২
সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের সোনার বাজারেও। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত সোনার দাম কমানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।
সোনার নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা; ১৮ ক্যারেট ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, রোববার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল। চাহিদা কম থাকায় রোববার রাতে দাম কমানো হয়েছে। এরপর সোমবার আন্তর্জাতিক বাজার চালুর সঙ্গে সঙ্গে প্রতি আউন্সে ২০০ ডলারের মতো দরপতন হয়েছে। পরিবর্তিত বাজার পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় বৈঠক করে দাম সমন্বয় করা হয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৬৫১ ডলারে। শনিবার লেনদেন শেষে ছিল ৪ হাজার ৮৯৩ ডলার; শুক্রবার ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
এমবি

