রাফসান-জেফারের গোপন প্রেমের গল্প
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:২৪
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ২১:০৩
উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের প্রেমের গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরে। নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়া, বিদেশ সফরের ছবি আর ঘনিষ্ঠ মুহূর্তের নানা ফ্রেম— সব মিলিয়ে নেটদুনিয়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এতদিন তারা প্রেমের বিষয়টি এড়িয়ে একে অপরকে শুধুই ‘ভালো বন্ধু’ বলে দাবি করেছেন। তবে এবার আর লুকোচুরি নয়, প্রেম যে গুঞ্জন নয়, ছিল সত্যি— প্রমাণিত হয়ে গেল।
বুধবার (১৪ জানুয়ারি) রাফসান ও জেফার বিয়ের পিঁড়িতে বসেছেন। ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সপ্তাহখানেক ধরেই এই বিয়ের প্রস্তুতি চলছিল।
রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনার শুরু বেশ কয়েক বছর আগ থেকেই। সামাজিক বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যেত। পরে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর কিছু ছবি ছড়িয়ে পড়লে নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে যায়। তখন দুজনই বলেছিলেন, তারা কেবলই বন্ধু।
২০২৩ সালের শেষ দিকে রাফসানের প্রথম সংসারের ইতি ঘটে। তিন বছরের দাম্পত্য জীবনের পর চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে রাফসান লিখেছিলেন, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে সম্মানজনক সমাধান হিসেবেই তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন।
আরও পড়ুন
অন্যদিকে, তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা জানিয়েছিলেন, তিনি এই বিচ্ছেদ চাননি। এই ঘটনার পর থেকেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।

২০২৪ সালের ১৫ নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে রাফসান ও জেফারকে একসঙ্গে দেখা যায়। তখন আবারও শিরোনামে উঠে আসে প্রেমের গুঞ্জন। জেফার সেসময় প্রকাশ্যে বলেছিলেন, রাফসানের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। কেবলই তার বন্ধু ও সহকর্মী। একইভাবে রাফসানও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে কৌতুক ও মন্তব্যের জবাব দিয়ে সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দেন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অস্বীকৃতিগুলোই আজ নতুন বাস্তবতায় রূপ নিয়েছে। দীর্ঘদিন আড়ালে থাকা এই সম্পর্ক অবশেষে প্রকাশ্যে এসেছে বিয়ের পিঁড়িতে। রাফসানের এটি দ্বিতীয় বিয়ে হলেও জেফারের প্রথম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বুধবার) থেকেই শুরু হলো তাদের প্রেমময় জীবনের অধ্যায়।
এসএসকে/এইচকে

