Logo

লাইফস্টাইল

ভ্যালেন্টাইনস সপ্তাহ ২০২৬ : কোন দিন কোন দিবস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫

ভ্যালেন্টাইনস সপ্তাহ ২০২৬ : কোন দিন কোন দিবস

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাস এলেই বাতাসে ভালোবাসার ছোঁয়া, মনে প্রেমের গান আর চারপাশে রোমান্টিক আবহ ছড়িয়ে পড়ে। এই মাসেই উদযাপিত হয় ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। তবে ফেব্রুয়ারি শুধু একটি দিনের জন্যই নয়, পুরো একটি সপ্তাহজুড়েই ভালোবাসার নানা প্রকাশের জন্য পরিচিত—যা ‘ভ্যালেন্টাইনস উইক’ নামে পরিচিত।

প্রতি বছর ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট দিন ভিন্ন ভিন্ন ভালোবাসা–কেন্দ্রিক দিবস পালিত হয়। দিনগুলোর নাম ও তাৎপর্য অনেকের কাছেই গুলিয়ে যায়। সেই দ্বিধা দূর করতেই থাকছে ২০২৪ সালের ভ্যালেন্টাইনস সপ্তাহের পূর্ণ তালিকা।

 রোজ ডে (৭ ফেব্রুয়ারি)

ভ্যালেন্টাইনস সপ্তাহের শুরু হয় রোজ ডে দিয়ে। গোলাপ ভালোবাসার চিরন্তন প্রতীক। এদিন প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গোলাপ উপহার দেওয়া হয়। গোলাপের রঙভেদে অর্থও আলাদা—লাল গোলাপ ভালোবাসা, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক।

প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি)

রোজ ডের পরদিনই প্রপোজ ডে। মনের কথা সাহস করে প্রিয় মানুষটির সামনে তুলে ধরার দিন এটি। সঙ্গীর সম্মতিতেই এদিন নতুন সম্পর্কের সূচনা হতে পারে।

 চকলেট ডে (৯ ফেব্রুয়ারি)

চকলেট ভালোবাসেন না—এমন মানুষ পাওয়া কঠিন। এই দিনে প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা, মমতা ও আন্তরিকতা প্রকাশ করা হয়। চকলেট শুধু মিষ্টি খাবার নয়, প্রেমেরও এক প্রতীক।

টেডি ডে (১০ ফেব্রুয়ারি)

ভ্যালেন্টাইনস সপ্তাহের চতুর্থ দিন টেডি ডে। প্রিয় মানুষটিকে টেডি বিয়ার উপহার দেওয়ার দিন এটি। টেডি বিয়ার উষ্ণতা, স্নেহ ও নির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত।

 প্রমিজ ডে (১১ ফেব্রুয়ারি)

এই দিনটি সম্পর্কের প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরে। একে অপরকে দেওয়া অঙ্গীকার, বিশ্বাস ও বোঝাপড়া দৃঢ় করার উপলক্ষ এটি। প্রতিশ্রুতি সম্পর্ককে শক্ত করে, আর তা ভঙ্গ করা সম্পর্কের জন্য ক্ষতিকর।

 হাগ ডে (১২ ফেব্রুয়ারি)

ভালোবাসার মানুষের সঙ্গে আলিঙ্গনের দিন। অনেক অনুভূতি আছে, যা কথায় প্রকাশ করা যায় না—একটি আলিঙ্গনেই তা প্রকাশ পায়। বন্ধু, পরিবার কিংবা সঙ্গী—সব সম্পর্কেই এই দিনটির তাৎপর্য রয়েছে।

 কিস ডে (১৩ ফেব্রুয়ারি)

ভ্যালেন্টাইনস ডের ঠিক আগের দিন কিস ডে। এটি সম্পর্কের ঘনিষ্ঠতা প্রকাশের প্রতীক। তবে সম্পর্কের সীমা ও পারস্পরিক সম্মান বিবেচনায় রাখা জরুরি।

ভ্যালেন্টাইনস ডে (১৪ ফেব্রুয়ারি)

ভ্যালেন্টাইনস সপ্তাহের শেষ দিন এবং সবচেয়ে আলোচিত দিন—ভালোবাসা দিবস। রোমান্টিক ডিনার, উপহার আর আন্তরিক মুহূর্তের মধ্য দিয়ে বিশ্বজুড়ে প্রেমিক–প্রেমিকা ও দম্পতিরা এ দিনটি উদযাপন করেন।

ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিন প্রয়োজন হয় না। প্রিয় মানুষের সঙ্গে প্রতিটি দিনই উদযাপনযোগ্য। তবে বিশেষ দিনে বিশেষ কিছু করলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়—এটাই ভ্যালেন্টাইনস সপ্তাহের মূল সৌন্দর্য।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর