Logo

জাতীয়

জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা : পুলিশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩

জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা : পুলিশ

নির্বাচনের ঠিক আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে নামার পর তাকে আটক করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছিল তার ব্যাগে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান থাকলেও তাকে আটক করা হয়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে জানান, সবার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দাবি করেছিলেন, তার ব্যাগে অর্ধকোটির বেশি  টাকা আছে। এই টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, টাকাগুলো গার্মেন্টস ব্যবসার। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বুকে ব্যথার কথা জানান। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা জানান, অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, নির্বাচনের আগমুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ বহন করা অত্যন্ত সংবেদনশীল বিষয়। উদ্ধার করা টাকার উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

এমএন/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আটক সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর