‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে : আসিফ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রার্থীরা সবসময় জনগণের কাছে আসতে বাধ্য হবে।’’
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘‘নির্বাচনের সময় শুধু প্রার্থীরা আপনাদের কাছে আসে। কিন্তু ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে যে সংস্কার হবে, তাতে প্রার্থীরা সবসময় আপনাদের কাছে আসতে বাধ্য হবে।’’

গতকাল রোববার রাতে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনি জনসভায় আসিফ মাহমুদ বলেন, ‘কিছু রাজনৈতিক দল জাতীয়তাবাদের কথা বললেও একই সঙ্গে বিদেশি নাগরিক ও ব্যাংক লুটেরাদের মনোনয়ন দিয়েছে। এই বিদেশি নাগরিকরা নির্বাচিত হলে আবারও জনগণের কষ্টার্জিত টাকা ঋণের নামে লুট করে বেগমপাড়ায় বাড়ি বানাবে, দেশে মাফিয়া রাজত্ব কায়েম করবে।’
রংপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘এই এলাকায় পরিবারতন্ত্র কায়েম আছে। নির্বাচনের সময় শাড়ি-লুঙ্গি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। তারা চায় আপনারা ও আপনার পরবর্তী প্রজন্ম সারাজীবন শাড়ি-লুঙ্গির দিকে তাকিয়ে থাকুক। তারা কর্মসংস্থান চায় না, সমৃদ্ধি চায় না। এগারো দলীয় ঐক্যকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করব। যাতে এই অঞ্চলের মানুষকে আর কারও দান-খয়রাতের দিকে তাকিয়ে থাকতে না হয়।’
- এইচকে/

