Logo

বিশেষ সংবাদ

উৎসব আমেজে স্বতঃস্ফূর্ত ভোট

Icon

রায়হান উল্লাহ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০

উৎসব আমেজে স্বতঃস্ফূর্ত ভোট

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দেড় বছর পর অবশেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার-সংক্রান্ত ঐতিহাসিক গণভোট। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু সহিংসতা, অনিয়ম ও হতাহতের ঘটনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত- এমনটাই দাবি করেছে নির্বাচন কমিশন ও একাধিক রাজনৈতিক নেতা। একই দিনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট এবং দেশ-বিদেশে বিস্তৃত পোস্টাল ভোট কার্যক্রম আয়োজন নির্বাচন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। বিপুল নিরাপত্তা ব্যবস্থা, উচ্চ ভোটার উপস্থিতি নিয়ে আলোচনা, পোস্টাল ব্যালটে লাখো ভোট গ্রহণ এবং নির্বাচন শেষে ইসির কৃতজ্ঞতা ও সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান- সব মিলিয়ে এই ভোট দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।

গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবের আমেজে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় মোট সাত ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ হয়। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল ভোট দিলেন দেশের ভোটাররা। একই সঙ্গে ভোটাররা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মতো জানালেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল।

ভোটগ্রহণ শেষে রাজনৈতিক মহলে বড় আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হার কেমন হলো। এ নিয়ে নানা আলোচনার মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজারের বেশি কিছু কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) নতুন করে আর কোনো আপডেট পাওয়া যায়নি। 

ভোট শেষ হওয়ার আধঘণ্টা আগে জামায়াতে ইসলামী বলেছে, দেশবাসী ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে।

তবে একই সঙ্গে দলটি বলেছে, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা, নারীদের হেনস্তা করার চেষ্টা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে।

এর আগে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 

বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে। 

জামায়াত জোটে থাকা এনসিপি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো অভিযোগ তুলেছে।

দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ভোট রিগিং বা ভোট জালিয়াতি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ কয়েকটি আসনের বেশ কিছু ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি এ তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জানিয়েছে।

মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও তাতে ভোট বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। 

ঢাকার আলোচিত আসনগুলোর একটি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

জামায়াত অভিযোগ করেছে যে কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা-১৫ আসনে মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।

ওদিকে ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে একজন পোলিং এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক।

ওদিকে চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হওয়ার অভিযোগ তুলেছে।

সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় দলটি বলেছে, কোনো কোনো কেন্দ্রে ভোট আগেই হয়ে যাওয়া এবং কেন্দ্র থেকে তাদের দলীয় প্রতীক হাতপাখা মার্কার লোকজনকে বের করে দেওয়ার অভিযোগ করেছে।

দলটির অভিযোগ, ভোলা ও নরসিংদীতে তাদের লোকজন হামলার শিকার হয়েছেন, আর ঝালকাঠিতে একটি ইউনিয়নের কোনো কেন্দ্রে তাদের এজেন্টদের থাকতে না দেওয়ার অভিযোগ করেছে দলটি।

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারা দেশে দোয়া-প্রার্থনার অনুরোধ: সুষ্ঠুভাবে নির্বাচন ও গণভোট শেষ হওয়ায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণভোট ও সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা করায় নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী ও ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আজ শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ভোট: সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এসব পোস্টাল ব্যালটের মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১ জন প্রবাসীর। বাকি ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জন দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের ভোট।

বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সালীম আহমাদ খান জানান, গতকাল বেলা ২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোটদান সম্পন্ন করেছেন।

এছাড়া, ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দেন। ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠায় ইসি। বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত দেশের ভিতরে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেন।

এর মধ্যে ৬ লাখ ৭৪ হজার ৩৭৬ জন ভোট দিয়েছেন এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫০ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেন।

সংখ্যায় সংখ্যায় ভোট: একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়। ২৯৯টি আসনে এবারের নির্বাচনে ইসিতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নেয়। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার ৫ কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী।

ইসির তথ্য অনুসারে, এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক লাখের বেশি সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

বিকেপি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর