Logo

সারাদেশ

ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১

ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলায় ভোট কেনার অভিযোগকে কেন্দ্র করে জামায়াতের দুই নেতাকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি ও চৌবাড়ী গ্রামে পৃথক দুই ঘটনায় ধাওয়া ও আটকের ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকারের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করার অভিযোগ ওঠে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি একজনকে টাকা দিচ্ছেন— এমন সময় কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ শুরু করলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।

এদিকে একই উপজেলার চৌবাড়ী গ্রামে রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মোমিনকে টাকাসহ আটক করেন স্থানীয়রা। আরেকটি ভিডিওতে দেখা যায়, পথের মধ্যে তাকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন। এ সময় আব্দুল মোমিন দাবি করেন, তিনি কেন্দ্রভিত্তিক খরচ বাবদ টাকা পৌঁছে দিচ্ছিলেন। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অভিযোগকারীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে কেন্দ্র খরচসহ বিভিন্ন সাংগঠনিক ব্যয়ের জন্য টাকা বিতরণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট টাকাও কেন্দ্র খরচের হতে পারে। ভোট কেনার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, সিরাজগঞ্জের ছয়টি আসনে বিএনপির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার ভিডিও তিনি দেখেছেন। তার দাবি, শুধু এই উপজেলাতেই নয়, বিভিন্ন এলাকায় একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এই নেতা।

ঘটনাগুলো নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো জানা যায়নি।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর